ইরান যুদ্ধে ৩৯ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

প্রকাশ :
সংশোধিত :

ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ৩৯টি সামরিক বিমান হারিয়েছে বলে মার্কিন সিনেটের এক শুনানিতে উঠে এসেছে। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, মঙ্গলবার (১২ মে) মার্কিন সিনেটে অনুষ্ঠিত এক শুনানিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা এড কেস পেন্টাগনের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘দ্য ওয়ার জোন’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ৩৯টি বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এটি প্রায় এক মাস আগের হিসাব।
প্রায় এক মাস আগে মার্কিন প্রতিরক্ষা বিষয়ক সংবাদমাধ্যম ‘দ্য ওয়ার জোন’-এর প্রতিবেদনে জানানো হয়, ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন বিমান বাহিনী প্রায় ১৩ হাজার ফ্লাইট পরিচালনা করেছে।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, এ পর্যন্ত ৩৯টি বিমান পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ১০টি বিমান বিভিন্ন মাত্রায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের আকাশসীমার ভেতরে একটি এফ-৩৫এ লাইটনিং ২ যুদ্ধবিমান আঘাতপ্রাপ্ত হওয়ার পাশাপাশি একটি বোয়িং ই-৩ সেন্ট্রি বিমান ধ্বংস হওয়ার কথাও উল্লেখ করা হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে ইরানে হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীও বন্ধ করে দেয় ইরান।
প্রায় পাঁচ সপ্তাহ ধরে সংঘাত চলার পর পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি।
এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময়সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে।


For all latest news, follow The Financial Express Google News channel.